হিজলায় চুরির অভিযোগে নির্যাতনের শিকার ব্যক্তির বিরুদ্ধে মামলা

বরিশালের হিজলা উপজেলায় সিগারেট চুরির অভিযোগে এক যুবককে গাছে বেঁধে অমানবিক নির্যাতনের শিকার ব্যক্তির বিরুদ্ধে চুরির মামলা গ্রহণ করেছে পুলিশ। নির্যাতনের শিকার কাঠমিস্ত্রি নির্মল চন্দ্র দাসকে ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার আদালতে প্রেরণ করা হয়। পাশাপাশি নির্যাতনকারীর বিরুদ্ধেও মামলা হয়েছে এবং তাকেও আদালতে প্রেরণ করেছে পুলিশ। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা থানার ওসি (তদন্ত) তারিক হাসান। তিনি বলেন, শনিবার সকালে সিগারেট চুরির অভিযোগে বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের বিজয় দাসের ছেলে নির্মল চন্দ্র দাসকে গাছে বেঁধে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে শনিবার বিকালে নির্যাতনকারী কাউরিয়া বাজারের মুদি দোকানি আব্দুল সালাম সরদারকে আটক করা হয়। রাতে সালামের বিরুদ্ধে পাঁচটি ধারায় মামলা দায়ের করেন নির্যাতনের শিকার নির্মলের স্ত্রী রুপা দাস। এরপরেই মুদি দোকানি সালামের ছেলে সাব্বির সরদার রাতে বাদী হয়ে নির্মলের বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করেন।

রবিবার তাদের দুই জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক তাদের দুই জনকেই জামিন দিয়েছেন।