সিআরবিতে অনুমোদনহীন স্থাপনা হলে ব্যবস্থা :সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেছেন, সিআরবিতে কেউ অনুমোদনবিহীন স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘হেরিটেজ  জোন’ রেলওয়ে পূর্বাঞ্চলের সিআরবিতে হাসপাতাল নির্মাণের কোনো অনুমোদন নেওয়া হয়নি। গতকাল সোমবার সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ, চট্টগ্রামের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

সিআরবিতে অনুমোদনবিহীন হাসপাতাল নির্মাণ প্রকল্প বন্ধ করতে সিডিএ চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দিয়েছে নাগরিক সমাজ, চট্টগ্রাম। নাগরিক সমাজ, চট্টগ্রামের চেয়ারম্যান সমাজবিজ্ঞানী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য প্রফেসর ড. অনুপম সেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি গতকাল সিডিএ চেয়ারম্যানের কার্যালয়ে যান। 

প্রতিনিধিদলে ছিলেন নাগরিক কমিটির সদস্য সচিব প্রবীণ আইনজীবী ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, কো-চেয়ারম্যান রাজনীতিক ও সাংস্কৃতিক সংগঠক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা মো. ইউনুচ, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, যুগ্ম সদস্য সচিব আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, কার্যকরী সদস্য চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ। সিডিএর পক্ষ থেকে চিফ ইঞ্জিনিয়ার শাহীন উল ইসলাম খানসহ বোর্ড সদস্য জসিম উদ্দিন শাহ, কেবিএম শাজাহান, এমআর আজিম উপস্থিত ছিলেন।