আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনে গুলি বর্ষণ ও ককটেল হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে নোয়াখালী ডিবি পুলিশ ও কোম্পানীগঞ্জ থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা ও পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। বর্তমানে বসুরহাট বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় র্যাব, পুলিশ, ডিবি পুলিশ, দাঙ্গা পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গতকাল সোমবার বিকাল ৫টার দিকে ওবায়দুল কাদেরের নিজ বাড়ি বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের গ্রামের বাড়ির প্রবেশ পথে একদল দুর্বৃত্ত গুলিবর্ষণ ও ককটেল হামলা করে এবং ওবায়দুল কাদেরের পরিবারকে গালিগালাজ করে পালিয়ে যায়। দৃর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এর আগেও ছয়বার তাদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
সেতুমন্ত্রীর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বাড়িতে ছিলেন না। তিনি চিকিত্সার জন্য গত বৃহস্পতিবার আমেরিকায় যান। ককটেল হামলার প্রতিবাদে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ছোট ভাই শাহাদাত হোসেনের নেতৃত্বে বিকালে বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিল করা হয়। এ ব্যাপারে আবদুল কাদের মির্জার স্ত্রী আক্তার জাহান বকুল বলেন, মেয়রের রাজনৈতিক প্রতিপক্ষরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।