নগরীর পোর্ট কলোনি এক নম্বর রোড এলাকায় মো. রাকিব (১৬) নামের এক স্কুলছাত্রকে কুকুর লেলিয়ে দিয়ে এবং ধারালো অস্ত্রের আঘাতে আহত করেছে স্থানীয় বেপরোয়া মাদক ব্যবসায়ীরা। আহত ছাত্রের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্থানীয় মাদক ব্যবসায়ীরা গতকাল সোমবার দুপুরে তার ওপর এ হামলা চালায়।
মো. রাকিব ৪ নম্বর পোর্ট কলোনির ৭৭ নম্বর সি ব্লকের বাসিন্দা ইউসুফ আলীর পুত্র। সে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
রাকিবের ভাই মো. তৌহিদ জানান, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বাসায় নিয়ে গিয়ে মাদক ব্যবসায়ী রুবো ও তার মা জেলি মিলে রাকিবকে মারধর করেন। এক পর্যায়ে ছুরি দিয়ে তার শরীরে আঘাত করেন। এ সময় তাদের লেলিয়ে দেওয়া পোষা কুকুর রাকিবকে কামড় দেয়। রাকিবের সঙ্গে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ৯ হাজার ৩০০ টাকা ঘটনাস্থলে থাকা আরেক মাদক ব্যবসায়ী রুবেল নিয়ে যায়। আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে আসা হয়।