লোকসভার সদস্য পদ ছাড়ছেন না। তবে সক্রিয় রাজনীতিতেও থাকবেন না বলে জানিয়েছেন বিজেপির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম পরিচিত মুখ বাবুল গতকাল সোমবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর এ কথা জানান। তিনি বলেন, রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সিদ্ধান্ত থেকে পিছু হটতে পারি না। অন্য কোনো দলেও যোগ দিচ্ছি না। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।
পশ্চিমবঙ্গের আসানসোলের বিজেপি এমপি বাবুল সুপ্রিয় গত শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি জানান এমপি পদ থেকেও পদত্যাগ করবেন। এরপরই এমপি পদ থেকে বাবুলের পদত্যাগ ঠেকাতে তত্পর হয় বিজেপির শীর্ষ নেতৃত্ব। গতকাল সন্ধ্যায় তিনি দিল্লিতে বৈঠক করেন বিজেপির সভাপতির সঙ্গে।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গতকাল রাতে বিজেপি সভাপতি জে পি নাড্ডা তার বাড়িতে বাবুলের সঙ্গে বৈঠকে করেন। রাত ৮টা নাগাদ বাবুল নিজেই গাড়ি চালিয়ে নাড্ডার বাড়িতে পৌঁছান। বিজেপি সূত্রের খবর, বাবুলের মান ভাঙাতেই হয় বৈঠক। বৈঠকের পর অন্য কোনো দলে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করেন বাবুল। পাশাপাশি এমপি হিসেবে ইস্তফা না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে বলেন, আমার সাধ্যমতো আসানসোলের মানুষের সেবা করে যাব। বিকল্প আয় না থাকায় বাবুল এমপি হিসেবে তার বেতন এবং ভাতা নেবেন বলেও জানিয়েছেন।
রাজনৈতিক পর্যবেক্ষদের একাংশের মতে, বাবুল এমপি পদে ইস্তফা দিলে তার আসন আসানসোলে উপনির্বাচন হবে এবং তাতে বিজেপির জিতে আসা রাজ্যের বর্তমান রাজনৈতিক অঙ্কে খুব সহজ নয়। সেই কারণেই বিজেপি নেতৃত্ব বাবুলকে এমপি হিসেবে ধরে রাখার চেষ্টা চালান। আর তাতে সফলতাও মিলেছে।
বাবুল এই সিদ্ধান্ত জানানোর পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তার বিরুদ্ধে নাটক করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, পুরোটাই কাঁচা হাতের চিত্রনাট্য। কী ঘটতে চলেছে, তা আগে থেকেই স্পষ্ট ছিল।