ত্রিপুরায় দেড় বছরের মধ্যে ক্ষমতায় আসবে তৃণমূল : অভিষেক ব্যানার্জি

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বড় জয় পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নজর এবার প্রতিবেশী রাজ্য ত্রিপুরায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরায় সরকার গড়তে চায় তার দল তৃণমূল কংগ্রেস। গতকাল সোমবার ত্রিপুরায় গিয়ে সেই ঘোষণা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও মমতা ব্যানার্জির ভাতিজা অভিষেক ব্যানার্জি। আগরতলায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তারিখ লিখে রাখুন, ত্রিপুরায় দেড় বছরের মধ্যে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস।’

এদিকে অভিষেকের সফর ঘিরে উত্তপ্ত ত্রিপুরার রাজনীতি। গতকাল সকালে উদয়পুর মাতাবাড়ী এলাকায় অভিষেক পৌঁছালে তাকে দেখে ‘গো ব্যাক’ স্লোগান দিয়ে গাড়িবহরে হামলা চালান বিজেপির কর্মীরা। অভিষেক নিজেই সে ঘটনার ভিডিও টুইট করেন। এরপর তিনি ত্রিপুরেশ্বরী মন্দিরের কাছে গেলে সেখানেও তাকে বাধা দেওয়া হয়। ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জি।

এরপর সংবাদ সম্মেলনে অভিষেক বলেন, ‘আজ যে ঘটনা ঘটেছে, সবাই তা দেখেছে। ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করতে চেয়েছিলাম। কিন্তু মন্দিরে যাতে না পৌঁছাতে পারি, সে জন্য সব রকম চেষ্টা করেছে বিজেপি। লাঠি, বাঁশ, রড দিয়ে মারা হয়েছে। আমার সঙ্গে থাকা তিন নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছে। আমাকে আটকাতে ১০০ মিটার দূরে দূরে রাস্তা অবরোধ করা হয়েছে।’

তিনি বলেন, ‘বিজেপি শাসিত ত্রিপুরায় গণতন্ত্রের নিদারুণ উদাহরণ সবাই দেখতে পেয়েছে। একজন এমপির ওপর বিজেপির দুর্বৃত্তরা এ ধরনের আক্রমণ করেছে। তাহলে ত্রিপুরায় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’ তিনি বলেন, ‘ত্রিপুরার পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। পুলিশকে সরকারের নির্দেশ পালন করতে হয়, পুলিশকে দোষারোপ করব না।’

তিনি বলেন, ‘আমাদের সঙ্গে যত খারাপ আচরণ হবে, আমরা তত শক্তিশালী হব। ত্রিপুরার মানুষকে স্বাধীন করতে দৃঢ়ভাবে কাজ করে যাবে তৃণমূল। লড়াই আজ থেকে শুরু হলো। আজকের তারিখ লিখে রাখুন, ত্রিপুরায় দেড় বছরের মধ্যে ক্ষমতায় আসবে তৃণমূল। তবে তাতে ত্রিপুরার মানুষের সহযোগিতা দরকার। ক্ষমতায় আসার পরে ত্রিপুরার মানুষও দুয়ারে সরকার ও অন্যান্য প্রকল্পের সুবিধা পাবে।’ তিনি ত্রিপুরার বিজেপি সরকারকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, ‘আমি ৮ থেকে ১০ দিনের মধ্যে আবার আসব। মাসে তিন বার আসব। ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাক।’ খবর :আনন্দবাজার পত্রিকা।