মনে হচ্ছে সরকার শ্রমিকদের মানুষই ভাবে না —জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, অপরিকল্পিত লকডাউনের নামে শ্রমিকদের প্রতি যে উদাসীনতা দেখানো হয়েছে তা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। অদূরদর্শী সিদ্ধান্তের কারণে এক বছরের মাথায় আবারও শ্রমিকদের পায়ে হেঁটে, কয়েকগুণ বেশি খরচ করে রাজধানীতে ফিরতে হয়েছে। যেসব শ্রমিক দেশের সমৃদ্ধির জন্য অর্থনীতির চাকা সচল রাখেন, তাদের সঙ্গে অশোভন ও নির্মম আচরণ করা হয়েছে। মনে হচ্ছে সরকার তাদের মানুষই ভাবে না। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, কোরবানির ঈদের আগে যাত্রী পরিবহনে গণপরিবহন চলেছে মাত্র দুই দিন। আবার ঈদের এক দিন পরেই কঠোর বিধিনিষেধের কারণে বন্ধ হয়ে যায় গণপরিবহন। স্বল্প সময়ে গণপরিবহনে গাদাগাদি করে ঈদযাত্রায় চলাচল করেছে লাখো মানুষ। আবার, কঠোর বিধিনিষেধের মধ্যে গত ৩০ জুলাই হঠাত্ ঘোষণা আসল ১ অক্টোবর থেকে তৈরি পোশাক কারখানা খুলে দেওয়া হবে। এমন ঘোষণায় স্বল্প আয়ের শ্রমিকদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।  জাপা চেয়ারম্যান বিবৃতিতে আরো বলেন, মহামারি নিয়ন্ত্রণে প্রয়োজন পরিকল্পিত লকডাউন ও ব্যাপকহারে গণটিকা কর্মসূচি। শুধু কথার লকডাউন নয়। লকডাউনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে চরম সমন্বয়হীনতা। সে কারণে  কমছে না সংক্রমণ ও মৃত্যু।