ইউরোপের জন্য টিকার দাম বাড়িয়েছে ফাইজার ও মডার্না

ইউরোপের কাছে বিক্রিতে দাম বাড়িয়েছে করোনা ভাইরাসের টিকা উত্পাদনের বড় দুই কোম্পানি ফাইজার ও মডার্না। সম্প্রতি ইউনিয়নের সঙ্গে এক সরবরাহ চুক্তিতে দাম বাড়ানো হয়েছে বলে লন্ডন ভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে। নতুন মূল্য অনুযায়ী ফাইজারের টিকার দাম ২৩ দশমিক ১৫ ডলার যা আগে ছিল ১৮ দশমিক ৩৯ ডলার। মডার্নার ভ্যাকসিনের বর্তমান দাম ২৫ দশমিক ৫০ ডলার যার পূর্বমূল্য ২২ দশমিক ৬০ ডলার। চুক্তির একটা অংশ দেখেছেন এমন এক ব্যক্তির বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস এই তথ্য জানিয়েছে। চুক্তির বিষয়টি গোপনীয় উল্লেখ করে ফাইজার এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তাত্ক্ষনিকভাবে মডার্নার এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। -রয়টার্স