>> মো. সবুজ আহমেদ
মাতৃভূমির প্রতি ভালোবাসার টানে একদল তরুণ, ‘সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে’ স্লোগানকে সামনে রেখে ‘ইয়ং সেন্টিমেন্ট ফর ক্লাইমেট চেঞ্জ’ (Young Sentiment For Climate Change) সংগঠনটির সঙ্গে থেকে দেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জেলায় বৃক্ষরোপণ করে আসছে। ২০২০ সাল থেকে সংগঠনটি বিভিন্ন সময়ে নানা ধরনের কার্যক্রম বাস্তবায়ন করছে, যা পরিবেশ এবং মানুষের জন্য কল্যাণকর। সংগঠনটির প্রতিষ্ঠাতা সবুজ আহমেদ দেখেন—দেশে বর্তমানে নানান ধরনের সংগঠন রয়েছে কিন্তু পরিবেশ এবং ভবিষ্যত্ শিশুদের জন্য নিরাপদ বিশ্ব তৈরির লক্ষ্যে দীর্ঘস্থায়ীভাবে কাজ করে যাওয়ার মতো সংগঠন খুবই কম। এই ভাবনা থেকে সারা দেশে গাছ লাগানো এবং পশুপাখির বাসযোগ্য পৃথিবী গড়ায় সামান্য হলেও তাদের রোপণ করা গাছ অবদান রাখবে ভেবে সংগঠনটির যাত্রা শুরু। সংগঠনটির প্রধান কাজের মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, পরিবেশ নিয়ে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি, বর্ষা মৌসুমে গাছে গাছে পাখির বাসা বেঁধে দেওয়া, প্লাস্টিকের বোতল দিয়ে ফুলের টব তৈরি করে গাছ লাগানো। এরই ধারাবাহিকতায় সংগঠনটি প্রতি বছর এক হাজার বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও পাখির বাসা তৈরির কার্যক্রম হাতে নেয়। শরীয়তপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর ও খুলনায় প্রায় দেড়শত ভলান্টিয়ার নিয়ে সংগঠনটি পরিবেশের বন্ধু হিসেবে নিরলসভাবে কাজ করছে এবং দেশের বিভিন্ন জেলায় প্রতিনিয়ত ভলান্টিয়ার বাড়াচ্ছে।