সুস্থভাবে বেঁচে থাকার জন্য চিকিত্সা, শিক্ষা, খাদ্য, পানীয়জলের ব্যবস্থার সঙ্গে পয়ঃপ্রণালী ও পানি নিকাশের ব্যবস্থাও জরুরি। দেশের সর্বত্রই পানীয়জলের সমস্যা এখন অনেকটাই সামলে ওঠা গেছে। কিন্তু নিকাশিব্যবস্থার সমস্যা বাড়ছেই। ডোবা, নালা, জলাশয় আর খাল ভরাট করে বাড়িঘর ও দোকানপাট নির্মাণের কাজ চলছে অবৈধভাবে। ফলে জলাশয়, খাল ভরাট হওয়ায় বর্ষার পানি বা ব্যবহারের পানি নিকাশের পথ বন্ধ হয়ে গেছে।
পানি আর নড়ে না—নড়বেই বা কীভাবে! খাল, বিল, জলাশয় ভরাট হলে কি আর পানি নড়ে! এদিকে পুরনো নালার পাশে নতুন নির্মাণে নালা সংকুচিত হয়েছে। নতুন নিকাশিব্যবস্থাও সেভাবে হচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সচেতন হয়ে সমস্ত খাল, জলাশয় উদ্ধার করে নদীর সঙ্গে সংযোগ দিতে পারেন, তবেই বর্ষার ও বাড়িঘরের ব্যবহারের পানি নিকাশের ব্যবস্থা সহজ হবে। যতদিন তা করা সম্ভব হবে না ততদিন বড় বড় শহরের বহু এলাকা বর্ষাকালে ডুবে থাকবে। তারপর কাদা ভেঙে যাতায়াত। এর তো একটা চিরস্থায়ী ব্যবস্থা হওয়া দরকার। আর এজন্য জরুরি প্রতিটি খাল গভীরভাবে খনন করে নদীর সঙ্গে সংযোগ ঘটিয়ে দেওয়া।
লিয়াকত হোসেন খোকন, রূপনগর, ঢাকা