ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ আরোপ থাকলেও দিনাজপুরের ফুলবাড়ীতে দিনদিন স্বাভাবিক হয়ে উঠছে সব ক্ষেত্র। গতকাল মঙ্গলবার পৌর শহরের পৌর বাজার, কাপড়পট্টি, গার্মেন্টেসপট্টি, নিমতলা মোড়, ঢাকা মোড়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড, পার্বতীপুর বাসস্ট্যান্ড, কোচ স্ট্যান্ডগুলোতে স্বাভাবিক নিয়মে চলে মানুষের জীবনযাত্রা। অধিকাংশ মানুষের মুখেই ছিল না মাস্ক। গণপরিবহন চলছে স্বাভাবিক নিয়মে। গাদাগাদি করে যাত্রীদের ওঠানামা ছিল লক্ষণীয়। খুচরা ও পাইকারি বাজারে ছিল না স্বাস্থ্যবিধির বালাই। পৌর শহরের পৌর বাজারের কাপড়পট্টি, গার্মেন্টেসপট্টি, গামার গলি মার্কেটসহ প্রায় সর্বত্রই দোকানপাট খোলা ছিল। আগের মতোই মোড়ে মোড়ে চা-বিস্কুটের দোকানে চলেছে বেচাবিক্রি। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, স্বাস্থ্যবিধি মানার কারণে ফুলবাড়ীতে অনেকাংশে করোনা সংক্রমণের হার কমে গেছে। তবে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে না চললে আগের মতোই সংক্রমণের হার অনেকাংশে বেড়ে যাবে। বর্তমানে ফুলবাড়ীতে ৪৪ জন করোনা রোগী রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, সরকারের কঠোর বিধিনিষেধ মেনে চলার জন্য নিয়মিতভাবে মাইকিং, স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তিসহ বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চলানো হচ্ছে। একই সঙ্গে উপজেলা প্রশাসন থেকে মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া যারা স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ মানছে না, তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। তবে উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হবে।