মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
দেশের অন্যতম বৃহত্ মোকাম নওগাঁর মহাদেবপুরে চালের দাম বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে পাইকারি মোকামে বস্তা (৫০ কেজি) প্রতি ২০০ টাকা বৃদ্ধি পেয়েছে। পাইকারি মোকামে দাম বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারে। এ উপজেলায় ছোট-বড় মিলে প্রায় সাড়ে ৩০০টি অটোমেটিক রাইস মিল রয়েছে। এসব রাইস মিলে উত্পাদিত চাল স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এ কারণে এ মোকামে চালের দাম বৃদ্ধি পেলে অস্থির হয়ে উঠে সারা দেশের চালের বাজার।
খুচরা বাজারের ইউসুফ খাদ্য ভাণ্ডারের মালিক আলহাজ রুহুল আমিন জানান, আগে যে মোটা চাল প্রতি কেজি ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হতো এখন সে মোটা চাল ৪২ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শিবরামপুর গ্রামের ভ্যানচালক কিনা মণ্ডল বলেন, লকডাউনের কারণে ভ্যান চালাতে পারছি না। এ অবস্থায় চালের দাম বৃদ্ধি পাওয়ায় চরম কষ্টে দিন পার করতে হচ্ছে।
এ ব্যাপারে চালকলমালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ আব্দুল জব্বার বলেন, ধানের দাম বৃদ্ধি পাওয়ায় চালের দাম বেড়েছে। ধানের দাম গত সপ্তাহে মণপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা বৃদ্ধি পেয়েছে। আগে যে ধান ৯০০ টাকায় বিক্রি হতো এখন সে ধান ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।