নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই ভাই হচ্ছে চরডাঙ্গা গ্রামের রাসেল মিয়ার ছেলে রহমান (৭) ও রাসেলের ভাই জাহিদ মিয়ার ছেলে তালহাজ (৭)।
জানা যায়, দুই চাচাতো ভাই রহমান ও তালহাজ পাশের বাড়ির শিশুদের নিয়ে বাড়ির পাশে খেলছিল। হঠাত্ রহমান ও তালহাজ পাশের পুকুরের পানিতে পড়ে যায়। তখন প্রতিবেশী রাফি দৌড়ে এসে বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন দুই শিশুকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক ডা. প্রিয়া মণ্ডল শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা জানান,
ইন্দুরকানীর পত্তাশীতে পুকুরে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পত্তাশী ইউনিয়নের পত্তাশী গ্রামের সরোয়ার ফরাজীর মেয়ে সুরাইয়া (৭) বাড়ির পুকুরে ডুবে যায়। বোনকে উদ্ধার করতে পানিতে নেমে বড় ভাই নাজমুলও (৯) ডুবে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাদের পুকুরঘাটের নিচ থেকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আমিন উল ইসলাম জানান, পানিতে ডুবে যাওয়া দুই ভাইবোনকে উদ্ধার করে মৃত অবস্থায় বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তাদের পরিবার। হাসপাতালে আনার আগেই তারা মারা গেছে।