সরিষাবাড়ীতে চুরির অপবাদ দিয়ে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে চুরির অপবাদ দিয়ে জালেক শেখ (৫০) নামে এক ব্যক্তিকে গাছে বেঁধে নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় সুজা মিয়ার লোকজনের বিরুদ্ধে। গত রবিবার বিকাল থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার ভাটারা ইউনিয়নের পারপাড়া গ্রামের আজিজুল হকের দোকানের পার্শ্বে একটি গাছে বেঁধে নির্যাতনের এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার জালেক শেখ (৫০) সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের পারপাড়া গ্রামের মৃত পাগু শেখের ছেলে।      

স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানায়, ঐদিন বিকালে বাড়ি ফেরার পথে একই গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে সুজা মিয়া ও তার লোকজন কৃষক জালেক শেখের গতিরোধ করে চুরির অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে মারপিট শুরু করে। এ সময় তার চিত্কারে কেউ এগিয়ে আসেনি বলে জালেকের অভিযোগ। তাকে গাছে বাঁধা অবস্থায় স্থানীয় মাতব্বর আনোয়ার হোসেন খোকার সভাপতিত্বে কবিরাজ বাড়ির শাহজাহান আলী, হাফিজুর রহমানসহ স্থানীয় ব্যক্তিদের নিয়ে এক গ্রাম্য সালিশের আয়োজন করে। সালিশের সিদ্ধান্তে নির্যাতনের শিকার জালেকের বড় ভাই আব্দুল খালেক শেখ পরে চড়-থাপ্পড় দিয়ে রাত ১১টার দিকে ছাড়িয়ে নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করেন।

ভুক্তভোগী পরিবারের আব্দুল খালেক শেখ জানান, ‘আমার ছোট ভাই জালেককে চড়-থাপ্পড় দিয়ে নিয়ে এসেছি। এ ব্যাপারে ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল বলেন, বিষয়টি ন্যক্কারজনক। এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক জানান, ঐদিন ঘটনার স্থলে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু পুলিশ যাওয়ার পূর্বেই স্থানীয়রা ঘটনার মীমাংসা করেছে।