রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে গত সোমবার রাতে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ সানি মিয়াকে  প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। হামলায় সানির দুই বন্ধু আহত হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোহাম্মদ সানি মিয়া গোলাকান্দাইল বিজয়নগর এলাকার মিল্লাত হোসেনের ছেলে। গোলাকান্দাইল মুজিবর রহমান ভুঁইয়া উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় তার অংশ নেওয়ার কথা ছিল। এ ঘটনায় এজাহার নামীয় দুই যুবককে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার মিছির আলীর ছেলে মাহাফুজ ফেসবুকে মোহাম্মদ সানি মিয়াকে নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেয়। এ নিয়ে সানি  ও মাহফুজের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাহাফুজের সহযোগী দুই জনকে আটক করে ফেলে সানি ও তার বন্ধুরা। পরে মাহাফুজ ও তার ভাই মাসুমসহ তাদের লোকজন  অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে  সানিসহ তাদের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষ  ধাওয়া-পালটা ধাওয়ার এক পর্যায়ে মাহাফুজ ও মাসুমসহ তার সমর্থিতরা সানিকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ব্যাপারে সানির পিতা বাদী হয়ে ২০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে।