হাসপাতালের ৯০ শতাংশ শয্যা পূর্ণ :স্বাস্থ্যমন্ত্রী

করোনায় আক্রান্তদের মধ্যে কম ঝুঁকিপূর্ণ

রোগীদের হোটেলে রেখে চিকিত্সার চিন্তা

ইত্তেফাক রিপোর্ট

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংক্রমণের যে পরিস্থিতি, তাতে নতুন রোগীর জন্য হাসপাতালে জায়গা হবে না। হাসপাতালগুলোর আইসিইউ ও সাধারণ  শয্যার ৯০ শতাংশই রোগীতে পূর্ণ। হাসপাতালে আসনসংকট দেখা দেওয়ায় করোনায় আক্রান্তদের মধ্যে কম ঝুঁকিপূর্ণ  রোগীদের হোটেলে রেখে চিকিত্সাসেবা দেওয়ার চিন্তা-ভাবনা করছে সরকার। গতকাল সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত দুই মাস ধরে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েছে। আক্রান্তদের চিকিত্সাসেবা দিতে গিয়ে কাহিল হয়ে পড়েছে স্বাস্থ্য খাত। প্রতিটি রাষ্ট্রেরই একটা সক্ষমতা থাকে। দেশে এখন নতুন করে হাসপাতাল বাড়ানো সম্ভব নয়। আবার হাসপাতালে নতুন করে রোগীদের চিকিত্সা দেওয়ার সুযোগও কমে আসছে। অবস্থা শোচনীয় নয় এমন রোগীদের  হোটেলে রেখে চিকিত্সা করার চিন্তা করা হচ্ছে। যারা অল্প আক্রান্ত, তাদের জন্য আলাদা হোটেল ভাড়া করার চিন্তা করা হচ্ছে। সেখানে চিকিত্ক, নার্স সব দেওয়া হবে। অক্সিজেনের সব ব্যবস্থা থাকবে। তিনি বলেন, বর্তমানে একটা ফিল্ড হাসপাতাল তৈরি করা হচ্ছে। সেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অধীনে। সেই কাজ চলমান। সেখান আপাতত ৫০০ থেকে ৬০০ আসন পাওয়া যাবে। পর্যায়ক্রমে তা ১ হাজার আসনে উন্নীত করা যাবে। এ সময় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধানের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে তিনি সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান। আগামী ৭ আগস্ট থেকে সাত দিনের জন্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে টিকা দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এই সাত দিনে আমরা প্রায় ১ কোটি টিকা দেব। এটাই আমাদের উদ্দেশ্য।’