বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল এবং মেলিন্ডা গেটসের মধ্যে চূড়ান্ত বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে। সোমবার আদালতে এক নথি থেকে এই তথ্য জানা গেছে। এর মাধ্যমে বিল এবং মেলিন্ডার মধ্যে ২৭ বছরের বৈবাহিক সম্পর্কের অবসান ঘটল। খবর আলজাজিরার
গত ৩ মে বিল গেটস এবং মেলিন্ডা গেটস আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। আবেদনে তারা দাবি করেছিলেন, তারা সম্পত্তির চুক্তিও ঠিকমতো করেছেন। যুক্তরাষ্ট্রের সিয়াটলের কিং কাউন্টি সুপিরিয়র আদালতে চূড়ান্ত বিচ্ছেদের নির্দেশনা উপস্থাপন করা হয়েছে। তবে বিচ্ছেদের চুক্তিতে কী আছে সেই সম্পর্কে কিছু প্রকাশ করা হয়নি। আদালত অর্থ, সম্পত্তি বা তাদের পক্ষে কোনো রায় দেয়নি বা কিছু ইস্যুও করেনি। কেবল বিচ্ছেদের চুক্তি যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সিয়াটলভিত্তিক বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বিশ্বের স্বাস্থ্য খাতে প্রভাবশালী একটি সংস্থা হিসেবে পরিচিত। গত দুই দশকে ৫০ বিলিয়ন ডলারের বেশি দরিদ্র বিমোচন ও স্বাস্থ্য খাতে ব্যয় করেছে ফাউন্ডেশন। গত বছর করোনা ভাইরাস মোকাবিলায় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার ব্যয় করেছে।