বরিশাল শেবাচিমের করোনা ইউনিটের সামনে অক্সিজেনের দাবিতে বিক্ষোভ

করোনা রোগীদের পর্যাপ্ত অক্সিজেন দেওয়ার দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ইউনিটের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটির উদ্যোগে জেলা শাখার আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলার সদস্য রিতা ব্যাপারী, রোগীর স্বজন দেবাশীষ, কামাল হোসেন, আবু বক্কর প্রমুখ।

সমাবেশে ডা. মনীষা চক্রবর্তী বলেন, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে অক্সিজেনের অভাবে রোগীদের হাহাকার চলছে। হাসপাতালের অক্সিজেন প্ল্যান্ট চালু না হওয়ায় রিফিল করতে দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে। একটি সিলিন্ডার পাওয়ার জন্য রোগীদের ছয়-সাত ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। বরিশালে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ার পেছনে অক্সিজেনের এই সংকট উল্লেখযোগ্য নিয়ামক হিসেবে কাজ করছে। তিনি অবিলম্বে রোগীদের জন্য পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার সরবরাহ নিশ্চিতের দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হাসপাতালের সামনের সড়ক প্রদক্ষিণ করে।