দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই দিনে আরো তিন জন চিকিত্সকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান ঢাকা মেডিক্যাল কলেজের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ। শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে মারা যান অবসরপ্রাপ্ত সরকারি চিকিত্সক ডা. এ এফ এম শফিউদ্দিন পাতা। আগের দিন সোমবার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিভাগের কনসালট্যান্ট ডা. জাকিয়া রশীদের (শাফী) মৃত্যু হয়।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। ১ জুলাই স্কয়ার হাসপাতালে ভর্তি হন ডা. শামীম আহমেদ। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। তার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। দুই বার কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় গতকাল দুপুরে মারা যান তিনি। ৫০ বছর বয়সি ডা. শামীম আহমেদ চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ৩২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন বলে বিএমএ জানিয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজের ২০তম ব্যাচের এই শিক্ষার্থী বরিশাল জেলার সিভিল সার্জন হিসেবে সরকারি চাকরি থেকে অবসরে যান। ৪৬ বছর বয়সি ডা. জাকিয়া রশীদ ঢাকা মেডিক্যাল কলেজের কে-৫০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে বিএমএ। এসব চিকিত্সকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন। বিএমএর হিসাবে করোনা ভাইরাস মহামারি শুরুর পর গত বছরের ১৫ এপ্রিল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান প্রথম চিকিত্সক হিসেবে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ। এ পর্যন্ত ১৮০ জন চিকিত্সক করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন।