আইপিএলের ধাক্কা ১৮ মাস পিছিয়ে গেল ইংল্যান্ডের বাংলাদেশ সফর

স্পোর্টস রিপোর্টার

সিরিজটা চূড়ান্তই ছিল। চলতি বছরের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। কিন্তু সিরিজটার ভাগ্য নাড়িয়ে দিল আইপিএল। বছরের শুরুতে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ একই সময়ে অনুষ্ঠিত হবে আমিরাতে।

আইপিএলের ধাক্কায় ইংল্যান্ডের বাংলাদেশ সফর দেড় বছর পিছিয়ে গেল। পূর্বনির্ধারিত সূচিতে বাংলাদেশে আসছে না ইংলিশরা। গতকাল নতুন সূচি ঘোষণা করেছে বিসিবি ও ইসিবি। দুই বোর্ডের সম্মতিতেই ২০২৩ সালের মার্চে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

২০২৩ সালের মার্চের শুরুতে ঢাকায় আসবে ইংল্যান্ড দল। সফরে দুই ফরম্যাটে ম্যাচের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। ঐ বছর ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। মূলত ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই বাংলাদেশের মাটিতে খেলার সুযোগ কাজে লাগাতে চায় ইংল্যান্ড।

চলতি বছর সিরিজটা না হওয়ায় ইংল্যান্ড ও বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল খেলায় আর কোনো বাধা থাকল না। নির্বিঘ্নেই দুই দেশের ক্রিকেটাররা আইপিএল খেলার সুযোগ পাবেন।