কোভ্যাক্সের আওতায় জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরো ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা বাংলাদেশে এসেছে। গতকাল মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এই ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক, মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি উপস্থিত ছিলেন।
গতকাল ঢাকায় জাপান দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এটি বাংলাদেশিদের জরুরি প্রয়োজন মেটাবে যারা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। জাপান সরকার বাংলাদেশকে যে প্রায় ৩০ লাখ ডোজ টিকা সরবরাহ করছে এটি তার তৃতীয় চালান। এর আগে প্রথম চালানে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ এবং দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা এসেছে।
হস্তান্তর অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, সব মিলিয়ে আজ পর্যন্ত জাপান থেকে প্রায় ১৬ লাখ ৪০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা এসে পৌঁছেছে। আমি শুনেছি যে, আগামী ৭ আগস্ট থেকে সারা দেশে এই টিকাদান শুরু হবে। বাংলাদেশ সরকার ভালো করে কাজ এগিয়ে নিচ্ছে। যারা এই অ্যাস্ট্রাজেনেকা টিকার জন্য অপেক্ষা করছিলেন, সেই ১৫ লাখ বন্ধুদের হাসিমুখ কল্পনা করে, আমরা খুব আনন্দিত। এর পরেও, আমরা বাংলাদেশকে মোট ৩০ লাখ টিকা দেব। আমরা মন দিয়ে চেষ্টা করছি, যাতে বাকিগুলো এই মাসের মধ্যে পৌঁছাতে পারি। এই করোনার দুর্যোগে আমরা আপনাদের সঙ্গে একতাবদ্ধ হয়ে লড়ছি। আমরা সবসময় বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে আছি।