ঢাকা মহানগরের নতুন কমিটি দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার সকালে বিএনপি মহাসচিবের উত্তরার বাসভবনে মহানগর উত্তর-দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর বিএনপি মহাসচিব এ প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, এ দুটি কমিটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গঠন করা হয়েছে। এ কমিটির প্রতি সারা দেশে মানুষের প্রত্যাশা অনেক বেশি। এরা সবাই পরীক্ষিত নেতৃবৃন্দ। তিনি বলেন, আমাদের বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে নতুন কমিটি গঠন নিঃসন্দেহে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমাদের প্রত্যাশা হচ্ছে যে, এ কমিটির মাধ্যমে বাংলাদেশের রাজনীতির একটা গুণগত পরিবর্তন আসবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ভূমিকা রাখবে।
বর্তমান কমিটিতে অনেক নেতাদের মূল্যায়ন করা হয়নি—এমন অভিযোগের বিষয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল। সেই দলের যখন একটি কমিটি তৈরি করা হয় তখন ছোটখাটো সমস্যা থাকতেই পারে।
আমান উল্লাহ আমান বলেন, সংগঠনকে ঢেলে সাজিয়ে তুলতে হবে। আমরা মহানগর উত্তর ও দক্ষিণ একসঙ্গে একযোগে রাজপথে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে কাজ করব। আব্দুস সালাম বলেন, চেষ্টা করব সবাইকে নিয়ে আমরা যাতে এ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। সে ব্যাপারে মহাসচিব থেকে শুরু করে মহানগরসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীর সহযোগিতা চাই।
এ সময় মহানগরের রফিকুল আলম মজনু, আমীনুল হক, আব্দুল আলীম নকি, তাবিথ আউয়াল, আনোয়ারুজ্জামান আনোয়ার, নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, মো. মোহন, আতিকুল ইসলাম মতিন, মোশাররফ হোসেন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।