নিউ ইয়র্কের গভর্ণর অ্যান্ড্রিউ কুওমো অনেক নারীকে যৌন হয়রানি করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিয়া জেমস এই তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের
অ্যাটর্নি জেনারেলের অফিস একটি দীর্ঘ তদন্ত রিপোর্ট পেশ করেছে। লেটিয়া জেমস জানিয়েছেন, কুওমো সাবেক এবং বর্তমান অনেক নারী কর্মীকে যৌন হয়রানি করেছেন। তদন্তে দেখা গেছে, ডেমোক্র্যাটপন্থি গভর্ণর কুওমো হঠাত্ করেই নারীদের শরীর স্পর্শ করতেন এবং যৌন হয়রানিমূলক মন্তব্য করতেন। এর ফলে রাজ্য অফিসে নারীদের কাজ করাটা কঠিন হয়ে পড়েছিল। জেমস বলেন, কুওমোর এই আচরণ ফেডারেল এবং রাজ্যের অনেক আইনের লংঘন ঘটিয়েছে। অ্যাটর্নি জেনারেল অফিসের রিপোর্টে দাবি করা হয়েছে, কেবল নিজের অফিসের নারী কর্মীদেরই নয়, অন্য রাজ্য অফিসের নারী কর্মীদেরও যৌন হয়রানি করেছেন কুওমো। ১১ নারীর অভিযোগের তদন্ত করা হয়েছে। প্রত্যেক নারীর অভিযোগই সঠিক প্রমাণিত হয়েছে। তবে পাঁচ মাস ধরে চলা এই তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন গভর্ণর অ্যান্ড্রিউ কুওমো।