ভয়ংকর দাবানলে পুড়ছে বিশ্বের পাঁচ দেশ

ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্ক, যুক্তরাষ্ট্র, ইতালি, গ্রিস ও বলিভিয়ার বিস্তীর্ণ এলাকা। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় এসব অঞ্চল থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। এসব এলাকার মানুষ বিপর্যস্ত জীবন কাটাচ্ছেন। একরের পর একর বনাঞ্চল পুড়ে যাওয়ায় মারাত্মক হুমকির মুখে বন্যপ্রাণীরা। পরিস্থিতির অবনতি হলেও, কোনো কোনো এলাকায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি মার্কিন কর্তৃপক্ষের।

৮৫টি ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্য। এরই মধ্যে পুড়ে গেছে দেড় মিলিয়ন বনভূমি। তবে হাওয়াই অঙ্গরাজ্যের ওয়াইকোলোয়া গ্রামে গতকাল মঙ্গলবার আগুন নিয়ন্ত্রণের এসেছে বলে জানায় দমকলকর্মী। অঞ্চলটি থেকে জরুরি সতর্কতা উঠিয়ে নেওয়া হয়েছে। তবে গ্রামের বাসিন্দাদের যে কোনো সময় আবারও সরে যেতে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়। এরই মধ্যে অঞ্চলটির ১৬০ বর্গকিলোমিটার জায়গা পুড়ে গেছে।

গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, দেশটির ৯০ শতাংশ এলাকা খরার মুখে রয়েছে। এরই মধ্যে প্রায় ১০ হাজারের বেশি ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে। ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে তুরস্কের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কয়েকটি গ্রামে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত বাড়ি। এলাকাগুলো থেকে জরুরি ভিত্তিতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এক সপ্তাহ ধরে চলা তুরস্কের দক্ষিণাঞ্চলের দাবানলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট জনে।

দাবানলে পুড়ছে ইতালির দক্ষিণাঞ্চলও। সোমবার আগুন পেসকারার সমুদ্র তীরবর্তী শহরে ছড়িয়ে পড়ে। এ সময় ঐ এলাকার শতাধিক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। ৩০ জন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে গ্রিসে শনিবার থেকে শুরু হওয়া দাবানলে পশ্চিমাঞ্চলীয় চারটি গ্রামে সতর্কতা জারি করা হয়েছে। তাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বলিভিয়ায় চলা দাবানলে এখন পর্যন্ত ৩ হাজারেরও বেশি একর জমি পুড়ে গেছে। আগুন সান্তা ক্রুজ শহরের বিমানবন্দর এলাকায় ছড়িয়ে পড়লে ২৫টি ফ্লাইট বাতিলের নির্দেশ দেওয়া হয়।