গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে নাসিব (৭) নামে এক শিশুকে অপহরণের ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে কোনাবাড়ি থানা পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাসিব রংপুর জেলার কোতোয়ালি থানার শাহপাড়া গ্রামের মশিউর রহমানের ছেলে। গ্রেফতারকৃতরা হলেন—রংপুর সদর থানার পুটিমারী গ্রামের রুস্তম আলীর ছেলে শাহ আলম (২৮) এবং চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ছোট লক্ষ্মীপুর বড়বাড়ী এলাকার মৃত বিল্লাল হোসেন প্রধানের ছেলে কামাল হোসেন প্রধান (৪৫)। এ ব্যাপারে কোনাবাড়ী থানায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে।
কোনাবাড়ী থানার এসআই শওকত ইমতিয়াজ জানান, সোমবার সকাল ৯টার দিকে কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ফরমান আলীর দোকানের সামনে থেকে শিশু নাসিব অপহূত হয়। পরে পরিবারের পক্ষ থেকে ঐ দিন দুপুরে কোনাবাড়ি থানায় অবহিত করলে পুলিশ তাত্ক্ষণিক শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার রায়েরটেক এলাকা থেকে রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করার পাশাপাশি দুই অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ।