ত্রিপুরায় বাংলাদেশ-ভারত সীমান্তে জঙ্গি হামলায় দুই বিএসএফ সদস্য নিহত

ত্রিপুরায় বাংলাদেশ-ভারত সীমান্তে জঙ্গি হামলায় দুই বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে ত্রিপুরার সীমান্তে টহল চলাকালে এ ঘটনা ঘটে। আগরতলা থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার। একই সঙ্গে বিএসএফের সার্ভিস রাইফেল লুট হয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, পুলিশের ধারণা ত্রিপুরার নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী ন্যাশানাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা এই হামলার পেছনে রয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টুইট করে জানিয়েছেন, ‘ধলাইতে বিএসএফের ওপর এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করছি। তাদের এই আত্মত্যাগ ব্যর্থ হবে না। স্থানীয় পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অরিন্দম নাথ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিহত দুই জওয়ান সীমান্তে টহল দিচ্ছিলেন। আমাদের ধারণা, জঙ্গিরা আগে থেকেই এলাকায় গাঢাকা দিয়েছিল। আচমকাই তারা হামলা চালায়। এরপর তারা ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে চলে গেছে বলে মনে করা হচ্ছে। এদিকে বিএসএফের বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিদের সঙ্গে বিএসএফের গুলি বিনিময় হয়। তখনই বিএসএফের দুই জন আহত হন ও পরে তাদের মৃত্যু হয়। তবে রক্তের দাগ যেটুকু পাওয়া গেছে তাতে বোঝা যাচ্ছে জঙ্গিরাও আহত হয়েছে। জঙ্গিদের ধরতে ব্যাপক তল্লাশি চলছে।