দর্জি মনির আটক, আদালতে মামলা দায়ের

আওয়ামী লীগের নাম ভাঙিয়ে গড়ে তোলা ভুঁইফোঁড় সংগঠন ‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’র প্রতিষ্ঠাতা সভাপতি মনির খান ওরফে দর্জি মনিরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে। তবে তার আটকের বিষয়ে ডিবির কোনো কর্মকর্তাই স্বীকার করেননি।

এদিকে, দর্জি মনিরের বিরুদ্ধে আদালতে দায়ের করা মামলাটি পুলিশ তদন্তের নির্দেশ দেয় আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত মামলাটি গ্রহণ করে তা কামরাঙ্গীর চর থানাকে তদন্তের নির্দেশ দেয়। আগামী ২৩ সেপ্টেম্বর কামরাঙ্গীরচর থানার এসআই অনিরুদ্ধ রায়কে মামলাটির  তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্জি মনির একেক সময়ে একেক রাজনৈতিক পদবী, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের এমডি হিসেবে নিজেকে পরিচয় দেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ছাড়াও আরও অনেক মন্ত্রী-এমপিদের সঙ্গে নিজের ছবি কম্পিউটার সফটওয়্যার মাধ্যমে এডিট করে বসিয়ে নিজেকে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি পদের নাম ব্যবহার করেছেন।