দেশের অন্যতম পেমেন্ট গেটওয়ে ও মার্চেন্ট সংযোগকারী প্রতিষ্ঠান এসএসএলকমার্জ এবং বিশ্বের শীর্ষস্থানীয় পেমেন্ট টেকনোলজি নেটওয়ার্ক ভিসার যৌথ উদ্যোগে আবারও শুরু হলো ‘সেভ অ্যান্ড সেভ’ ক্যাম্পেইন। চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।
এ ধরনের উদ্যোগের ফলে নিজস্ব প্রচারণার পাশাপাশি গ্রাহকদের ক্যাশলেস লেনদেনের সঙ্গে অভ্যস্ত করার চেষ্টা করে যাচ্ছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। গ্রাহকদের কার্ড সংক্রান্ত তথ্যাদি নিরাপদে এই প্ল্যাটফর্মে সংযুক্ত থাকার ফলে অনলাইন পেমেন্টের মাধ্যমে লেনদেনের হার বৃদ্ধি পাচ্ছে।
দুই মাসব্যাপী সেভ অ্যান্ড সেভ ক্যাম্পেইনে রয়েছে আকর্ষণীয় ছাড়, বোনাস এবং ক্যাশব্যাক। এতে ২০ শতাংশ বোনাস (সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত) দিচ্ছে ইজি ডট কম ডট বিডি। ১৫ শতাংশ ক্যাশব্যাক (সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত) দিচ্ছে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি, ঢাকা সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথোরিটি এবং নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লি.। এছাড়াও বিভিন্ন অংকের টাকা ছাড়, বোনাস ও ক্যাশব্যাক পাওয়া যাবে বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে।
এসএসএলকমার্জ প্ল্যাটফর্ম পিসিআই ডিএসএস (পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড) সার্টিফায়েড এবং বাংলাদেশ ব্যাংক থেকে পিএসও (পেমেন্ট সিস্টেমস অপারেটর) হিসেবে লাইসেন্সপ্রাপ্ত। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত কমপ্লায়েন্স সার্টিফিকেশন পিসিআই ডিএসএস, যেটি প্রদান করে পিসিআই সিকিউরিটি স্ট্যান্ডার্ডস কাউন্সিল। অনলাইন পেমেন্টকে শক্তিশালী করার জন্য কার্ডের তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং ব্যবহারের জন্য গ্রাহকের কার্ডের তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয় এই সার্টিফিকেশনের মাধ্যমে।
এর আগেও বাংলাদেশের ই-কমার্স খাতে সচেতনতা সৃষ্টি এবং মানসম্পন্ন সেবা প্রদানে যৌথভাবে বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে এসএসএলকমার্জ এবং ভিসা।
ইত্তেফাক/জেডএইচডি