আনন্দ বিনোদন প্রতিবেদক
প্রতিবছরই টেলিভিশনগুলো ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় ৭ দিন থেকে ১০ দিন পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান, নাটক, টেলিফিল্ম প্রচার করে থাকে। এবারের ঈদুল আজহায়ও ব্যতিক্রম হয়নি। আনুমানিক ৪০০ থেকে ৫০০ নাটক এসময় প্রচারিত হয়ে থাকে। আবার টেলিভিশনের পাশাপাশি নতুনভাবে যুক্ত হয়েছে ওটিটি ও ইউটিউব কন্টেন্ট। এমন বাস্তবতায় চাহিদার কথা মাথায় রেখে জনপ্রিয় নাট্যনির্মাতা দীপু হাজরা নির্মাণ করেছেন একটি ৭ পর্বের ধারাবাহিক ও ৩টি একক নাটক। এগুলো ৩টি চ্যানেলে প্রচারিত হয়েছে। ইতোমধ্যে দর্শকদের মন কেড়েছে ‘মোঘল ফ্যামিলি’ ও ‘পরাণের মানুষ’ নাটক দুটি। গল্পের ভিন্নতা, শিল্পী নির্বাচন, নির্মাণশৈলী সবকিছু মিলিয়ে নাটক দুটি এখনো দর্শকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
এ সম্পর্কে অনুভূতি জানতে চাইলে দীপু হাজরা বলেন, ‘সব গল্প হয়তো সমান যায় না, তারপরও গল্পে ভিন্নতা রাখার চেষ্টা করেছি যেন দর্শক নতুন কিছু উপভোগ করতে পারেন। সত্যি কথা বলতে কি, যত বেশি নাটকই হোক না কেন ভালো গল্পের অভাব সবসময়ই ছিল। কাজের যতই পরিধি বাড়ুক না কেন গল্পের মান ততটা বাড়েনি। আশা করি একদিন এই সমস্যারও সমাধান হবে।’