মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
মহাদেবপুরে এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণেরও বেশি বেড়েছে সব ধরনের সবজির দাম। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। গত এক সপ্তাহে পাঁচ গুণ বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা দরে।
গতকাল বুধবার উপজেলা সদরের কাঁচা বাজারে খোঁজ নিয়ে জানা যায়, প্রতি কেজি বেগুন ৫০-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এ বেগুনের কেজি ছিল ২০-২৫ টাকা। প্রতি কেজি পটোল ৪০ টাকা, করলা ৫০ টাকা, ঢ্যাঁড়শ ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। অতিরিক্ত দামে সবজি কিনতে গিয়ে ক্রেতাদের নাভিশ্বাস উঠছে। খুচরা বাজারের ব্যবসায়ী আকবর আলী জানান, পাইকারি বাজারে সবজির দাম বৃদ্ধি পাওয়ায় সব ধরনের সবজির দাম বেড়েছে। তবে সবজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে খুচরা বিক্রেতাদের কারসাজি রয়েছে বলে অভিযোগ করেন ক্রেতারা। খোঁজ নিয়ে জানা যায়, পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজার মূল্যের বিস্তর ফারাক রয়েছে। মাত্র ২০০ গজ দূরের পাইকারি বাজার থেকে সবজি কিনে এনে কেজিপ্রতি ১৫-২০ টাকা বেশি দরে সবজি বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। এতে এক দিকে যেমন কৃষক সবজির দাম কম পাচ্ছেন অন্যদিকে ভোক্তাদেরকেও অধিক দামে সবজি কিনতে হচ্ছে।
কনজ্যুমারর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা সম্পাদক মোস্তাফিজুর রহমান দিনার বলেন, বাজার নিয়ন্ত্রণে নিয়োজিত সরকারি দপ্তরগুলো ঠিকভাবে বাজার মনিটরিং না করায় সবজিসহ সব ধরনের পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান মিলনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তার জানা ছিল না। জানার পর বাজার দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারদের বাজার মনিটরিং করার নির্দেশ দিয়েছি। অকারণে কেউ দ্রব্যমূল্য বেশি নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।