দেবীগঞ্জে আমন চাষ ব্যাহত

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

দেবীগঞ্জ ভরা বর্ষা মৌসুমেও দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টিপাত। বৃষ্টির অপেক্ষায় আমনের চারা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। অনেক কৃষক বিদ্যুত্-চালিত মোটরের মাধ্যমে পানি দিয়ে আমনের চারা রোপণ করছেন। সেচ দিয়ে চাষ করা হলেও প্রচণ্ড রোদে শুকিয়ে যাচ্ছে খেত। এতে বাড়ছে উত্পাদন খরচ। উপজেলার সবুজপাড়া গ্রামের কৃষক তেজেন জানান, সেচ দিয়ে চারা রোপণ করলেও খেতের পানি শুকিয়ে গেছে। আমনের চারাগুলো শুকিয়ে যাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা সাফিয়ার রহমান জানান, পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় আমন চাষের জন্য এবারের আবহাওয়া এখন পর্যন্ত কৃষকের অনুকূলে নেই। এখন পর্যন্ত অর্ধেক জমিতে আমন লাগানো হয়েছে।