কুমিল্লা প্রতিনিধি
পাকস্থলীতে করে ৪ হাজার ৩৭৫ পিস ইয়াবা পাচারকালে মঙ্গলবার রাতে কুমিল্লায় এক জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত হচ্ছে ইকবাল হোসেন। সে চট্টগ্রামের লোহাগাড়া থানার দক্ষিণ হরিনা গ্রামের মৃত হাজি আশরাফ আলীর ছেলে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহ হওয়ায় ইকবাল হোসেনকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে জানায়, তার পাকস্থলীতে ইয়াবা রয়েছে। পরে তার পাকস্থলী থেকে চিকিত্সকের মাধ্যমে ৪ হাজার ৩৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আরো জানিয়েছে, দীর্ঘদিন ধরে সে পাকস্থলীতে করে অভিনব কায়দায় ইয়াবা পরিবহন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে কেনাবেচা ও সরবরাহ করে আসছিল।