দুই লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার, রাজশাহী ও লালপুর সংবাদদাতা
নাটোরের লালপুরে র্যাবের অভিযানে ১ হাজার ২০০ কেজি ভেজাল গুড়, ৫০০ কেজি চিনি, ৪৭ কেজি আটা ও তিন কেজি কাপড়ে ব্যবহূত ও মানবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত কেমিক্যাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্প ভেজাল গুড়ের কারখানায় এ অভিযান পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঐ গুড় ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান তালুকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধীনস্থ সিপিসি-২, নাটোর কোম্পানি ক্যাম্পের অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী ও কোম্পানি উপঅধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে ঐ ভেজাল গুড় কারখানায় অভিযান পরিচালনা করা হয়। পরে ভারপ্রাপ্ত লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মো. তুহিনের মেয়ে নাজমা বেগমকে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উত্পাদন ও বিষাক্ত কেমিক্যাল মিশ্রণের অপরাধে মামলা করা হয়। পরে তার কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা সরকারি কোষাগারে জমার নিমিত্তে আদায়ে মামলাটি নিষ্পত্তি করা হয়।