কোভিড-১৯-এর কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটি বিশেষ সিএসআর (সামাজিক দায়বদ্ধতা) উদ্যোগ শুরু করছে ব্র্যাক ব্যাংক। উদ্যোগ বাস্তবায়নে সম্প্রতি ব্র্যাকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক; এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। গত এপ্রিল মাসে দেওয়া বাংলাদেশ ব্যাংক নির্দেশনা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করার জন্য ৪.৫৪ কোটি টাকার একটি তহবিল বরাদ্দ করেছে। মোবাইল ওয়ালেট বিকাশের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে ব্র্যাক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অর্থ প্রদান করবে। সারা দেশে প্রায় ৩০ হাজার ২৬৭ পরিবার এই জরুরি সহায়তা পাবে। প্রতিটি পরিবার ১ হাজার ৫০০ টাকা করে পাবে যা তাদের দুই সপ্তাহের জন্য প্রয়োজনীয় খাদ্য এবং অন্যান্য জরুরি প্রয়োজনীয় জিনিস কিনতে সহায়তা করবে। কোভিড সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা এবং কঠোর লকডাউনের অধীনে থাকা ১০টি জেলাকে এই উদ্যোগে অগ্রাধিকার দেওয়া হবে। জেলাগুলো হলো খুলনা, সাতক্ষীরা, বগুড়া, মাগুরা, দিনাজপুর, নাটোর, জয়পুরহাট, বাগেরহাট, চুয়াডাঙ্গা এবং চট্টগ্রাম। —প্রেস বিজ্ঞপ্তি