সুনামগঞ্জে আজীবন বহিষ্কৃত নাসুম!

স্পোর্টস রিপোর্টার

বাঁহাতি স্পিন—আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের অন্যতম সেরা অস্ত্র। ঘরের মাঠে কার্যত অব্যর্থ অস্ত্রই বলা যায়। বাঁহাতি স্পিনে টাইগার শিবিরে সর্বশেষ সংযোজন নাসুম আহমেদ। বয়সভিত্তিক ক্রিকেট থেকে সব ধরনের পর্যায় পেরিয়ে এখন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি।

গত মঙ্গলবার তার ঘূর্ণি জাদুতেই মিরপুর স্টেডিয়ামে টি-২০ তে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারানোর গৌরব অর্জন করেছিল বাংলাদেশ। ১৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছিলেন ২৬ বছর বয়সি এ তরুণ। চলতি বছরে অভিষেক হওয়া নাসুম এখন দলেরও নিয়মিত সদস্য হয়ে উঠছেন। গতকালকের আগে পাঁচ টি-২০ ম্যাচে তার শিকার ছিল ৬ উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেটের তপ্ত জমিনে দেশকে জেতানো এ বাঁহাতি স্পিনারই কি না, নিজের জেলায় আজীবন বহিষ্কৃত! অবাক করা হলেও সত্য, ছয় বছর আগে নাসুমকে আজীবন বহিষ্কার করেছিল তার জেলা সুনামগঞ্জ। জাতীয় চ্যাম্পিয়নশিপে জেলার হয়ে না খেলায় এ বাঁহাতি স্পিনারকে ২০১৫ সালে নিষিদ্ধ করে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। 

জানা গেছে, সুনামগঞ্জের দিরাই উপজেলায় জন্ম নাসুমের। এখানেই কেটেছে শৈশব। ক্রিকেটের শুরুও সেখানে। পরে তার পরিবার সিলেটে চলে আসে। অনূর্ধ্ব-১৩ পর্যায় থেকেই সিলেটের হয়ে খেলছেন নাসুম।

সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগের সম্পাদক রেজওয়ানুল হক রাজা সাংবাদিকদের জানিয়েছেন, নিয়ম অনুযায়ী কেউ সুনামগঞ্জ লিগে খেললে তাকে সুনামগঞ্জ জেলা দলের হয়ে খেলতে হবে, যদি তাকে দলে নির্বাচিত করা হয়। ২০১৫ সালে নাসুমকে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সুনামগঞ্জ দলে নেওয়া হয় কিন্তু সে সিলেটের হয়ে খেলতে চলে যায়। স্থানীয় লিগে সে প্যারামাউন্ট ক্লাবের হয়ে খেলেছিল। কিন্তু পরে সুনামগঞ্জ জেলার হয়ে খেলতে রাজি হয়নি। তাই জেলা ক্রীড়া সংস্থা তাকে আজীবন বহিষ্কৃত করে।

জাতীয় দলের হয়ে নাসুমের পারফরম্যান্স দেখে এখন বহিষ্কারাদেশ তুলে নেওয়ার চিন্তা করছে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। কিছুদিন আগে তাকে লিখিত আবেদন করার কথাও বলেছিলেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। নাসুম তাতে সাড়া দেননি।

দেশের গর্ব এ বাঁহাতি স্পিনারের বহিষ্কারাদেশ তুলে নেওয়ার বিষয়ে গতকাল রেজওয়ানুল হক রাজা বলেছেন, ‘আমরা নাসুমের বহিষ্কারাদেশ তুলে নিতে যাচ্ছি। সে জাতীয় দলের ক্রিকেটার, আমাদের গর্ব। আমি ইতিমধ্যে প্যারামাউন্ট ক্লাবকে বলেছি আবেদন করতে। চিঠি পাওয়ার পর পরের মিটিংয়ে আমরা তার বহিষ্কারাদেশ তুলে নেব।’

হাওরের ঐতিহ্যসমৃদ্ধ সুনামগঞ্জের প্রথম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ জাতীয় দলে খেলছেন নাসুম। আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে গেলেও তার নামের পাশে ঝুলছে জন্মস্থানের দেওয়া আজীবন নিষেধাজ্ঞার শাস্তি।