শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন রোমাশিনা

স্পোর্টস ডেস্ক

সর্বকালের সেরা আর্টিস্টিক সুইমার খেতাব পাওয়ার জন্য কোনো কিছুই যেন বাকি রাখলেন না সভেতলানা রোমাশিনা। টোকিও অলিম্পিকে নিজের ষষ্ঠ অলিম্পিক স্বর্ণ জয়ের মাধ্যমে সব বিতর্কই এক প্রকার ধামাচাপা দিয়ে দেন তিনি। তাছাড়া, প্রথম নারী হিসেবে ডুয়েট ফ্রি রুটিং আর্টিস্টিক সুইমিংয়ে টানা তিন স্বর্ণ জিতে গড়লেন ইতিহাস।

সভেতলানা কোলেসনিশেঙ্কোকে সঙ্গে নিয়ে গতকাল ডুয়েট আর্টিস্টিক সুইমিং ইভেন্টে বেশ দাপটের সঙ্গে সোনা আদায় করে নেন রোমাশিনা। এই যুগলের সর্বোমোট স্কোর ছিল ১৯৫ দশমিক ৯০৭৯।

৩১ বছর বয়সি রোমাশিনার হাতে রয়েছে সপ্তম অলিম্পিক স্বর্ণ জয়ের সুযোগ। আগামী শনিবার দলীয় ইভেন্টে রাশিয়ান অলিম্পিক কমিটির প্রতিনিধিত্ব করবেন এই সুইমার। তার আগে তিনি বলেন, ‘আমি মেডেল গুনি না। শুধু মুহূর্তকে অনুভব করতে চাই।’

২০০০ অলিম্পিকের পর থেকেই আর্টিস্টিক সুইমিং রাজত্ব রাশিয়ার। তাই ১৯২ দশমিক ৪৪৯৯ স্কোরে রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় চীনের হাং শুচেন-সুন ওয়েনান যুগলকে। ব্রোঞ্জ জেতেন ১৮৯ দশমিক ৪৬২০ স্কোর গড়া ইউক্রেনের মার্তা ফিয়েদিনা ও অ্যানাস্টাসিয়া সাভচুক।