ভূমিকম্পে কেঁপে উঠল গেমস ভিলেজ

স্পোর্টস রিপোর্টার

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার নিচে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। সাধারণত জাপানে ভূমিকম্প হলে সুনামির আশঙ্কা থাকে। তবে জাপানের আবহাওয়া দপ্তরের খবর, এই ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই। জাপানে ভূমিকম্প কোনো নতুন ঘটনা নয়। তবে অলিম্পিকের মাঝে হঠাত্ করে ভূমিকম্প আতঙ্ক তৈরি হয়েছিল। গতকাল টোকিওর সময় ভোর সাড়ে ৫টা নাগাদ কম্পন অনুভূত হয়। টোকিওর পূর্ব প্রান্ত বেশ ভালো রকমই কেঁপে ওঠে। রিখটার স্কেল মাত্রা ছিল ৬। গেমস ভিলেজে থাকা ক্রীড়াবিদ, সাংবাদিকরা নাকি প্রায় মিনিট তিনেক ধরে এই কম্পন অনুভব করেছেন। টোকিওতে যেসব সাংবাদিক রয়েছেন, তাদের টুইটের মাধ্যমেই জানা গিয়েছে, এই ভূমিকম্পের কথা এবং গেমস ভিলেজে কম্পন অনুভূত হওয়ার কথাও। উপস্থিত থাকা এক সাংবাদিক টুইট করে লিখেছেন, ‘টোকিওতে ভূমিকম্প হচ্ছে। গত ৩০ সেকেন্ড ধরে কম্পন অনুভব করছি।’ অন্য জন লিখেছেন, ‘প্রায় তিন মিনিট ধরে মৃদু কম্পন অনুভব করলাম।’ অস্ট্রেলিয়ার এক সাংবাদিক সেই সময় সম্প্রচার করছিলেন।