বক্সিংয়ে ভারতের ব্রোঞ্জ

স্পোর্টস রিপোর্টার

বিশ্বচ্যাম্পিয়নের কাছে হেরে মেয়েদের বক্সিংয়ে ব্রোঞ্জ পদকেই থামলেন ভারদের বক্সার লভলিনা বড়গোহাই। মেয়েদের বক্সিংয়ের ওয়েলটারওয়েট (৬৪-৬৯ কেজি) বিভাগের সেমিফাইনালে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির কাছে ০-৫ ব্যবধানে হেরেছেন ভারতীয় বক্সার। শেষ চারে জায়গা করে নিয়ে আগেই পদকজয় নিশ্চিত করেছিলেন লভলিনা। সেমিফাইনাল বাউট জিতলে স্বর্ণপদক জয়ের দৌড়ে নাম লেখাতে পারতেন। শেষ চারের হার্ডলে আটকে যাওয়ায় এবারের মতো স্বর্ণ-রুপার পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায় ভারতীয় তারকার। তিনি ব্রোঞ্জ পদক গলায় ঝুলিয়ে টোকিও অলিম্পিককে বিদায় জানালেন।

তিনটি রাউন্ডেইল তুরস্কের বক্সারের সামনে সুবিধা করতে পারেননি লভলিনা। ফলে তিন রাউন্ডেই পাঁচ জন বিচারক একতরফা রায় দেন বুসেনাজের পক্ষে। তার ওপর দ্বিতীয় রাউন্ডে একটি পেনালটি পয়েন্টও কাটা যায় লভলিনার। সব মিলিয়ে বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে জয়ী হন বুসেনাজ। ভারত এটা নিয়ে তিনটি পদক পেল টোকিও অলিম্পিকে। ভারোত্তোলনে রুপা, ব্যাডমিন্টনে ব্রোঞ্জ ছিল।