শ্বাসকষ্ট নিয়ে সাহিত্যিক বুদ্ধদেব গুহ হাসপাতালে ভর্তি

শ্বাসকষ্টসহ একাধিক সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় সাহিত্যিক বুদ্ধদেহ গুহ। গত তিন দিন ধরে কলকাতার একটি হাসপাতালে চিকিত্সাধীন ৮৫ বছর বয়সি বুদ্ধদেব। গত মঙ্গলবার তার রক্তচাপ কমে যাওয়ায়, শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তাকে ঐ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। চলতি বছরের এপ্রিলে করোনা-সংক্রমিত হওয়ার পর থেকেই কোভিড-পরবর্তী নানা সমস্যায় ভুগছিলেন তিনি।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়েছে। এছাড়া, তার লিভার এবং কিডনিতেও সামান্য সমস্যা রয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকেরা। বুদ্ধদেবের কোভিড পরীক্ষা করা হয়েছে। তবে রিপোর্ট নেগেটিভ।

দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা বুদ্ধদেব বয়সজনিত সমস্যাতেও ভুগছেন। তবে মূত্রনালির সংক্রমণই এখন মূল সমস্যা বলে জানিয়েছেন চিকিত্সকেরা। এছাড়া, বুদ্ধদেবের দেহে অ্যামোনিয়ার মাত্রাও বেশি ধরা পড়েছে। প্রয়োজনে তাকে প্রতি মিনিটে দুই লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে। তাকে গ্যাস্ট্রোএনট্রোলজিস্ট, পালমোনোলজিস্ট, নেফ্রোলজিস্ট এবং কার্ডিওলজিস্টদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব। সেই সময় শহরের একটি হোটেলে নিভৃতবাসে থাকার পর তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৩৩ দিনের লড়াইয়ের পর করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন তিনি। উল্লেখ্য, বুদ্ধদেব গুহ ১৯৩৬ সালে ২৯ জুন পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। বাংলা ভাষায় জনপ্রিয় এই লেখক মূলত বন, অরণ্য এবং প্রকৃতি বিষয়ক লেখার জন্য পরিচিত। তার স্ত্রী প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ঋতু গুহ।