বরিশাল বিভাগে বুধবার দুপুর ২টা পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে পাঁচ জনের মৃত্যু হয়। উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে ৯ জন ও আক্রান্ত হয়ে বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে দুই জন মৃত্যুবরণ করেন। শেবাচিমের পরিচালকের কার্যালয়, জেলা সিভিল সার্জন এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার সর্বশেষ মঙ্গলবার রাতের রিপোর্টে ৩৯ দশমিক ৩৬ ভাগ। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট চিকিত্সাধীন অবস্থায় ১ হাজার ১৪৬ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩৩২ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত করোনা ওয়ার্ডের ৩০০ বেডের স্থলে চিকিত্সাধীন ছিলেন ৩৪৯ জন রোগী।