রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনা পজিটিভ চার জন, করোনা পজিটিভ থেকে নেগেটিভ দুই জন এবং করোনার উপসর্গে আট জন মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, এ নিয়ে চলতি আগস্টের চার দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৬। এর আগে জুলাইয়ে ৫৬৬ এবং জুনে ৪০৫ জন করোনা ও উপসর্গে মারা যান।

রামেক পরিচালক জানান, নতুন মৃতদের রাজশাহীর চার (পজিটিভ এক, উপসর্গ দুই, পজিটিভ থেকে নেগেটিভ এক) জন, চাঁপাইনবাবগঞ্জের চার (পজিটিভ) জন, নাটোরের চার (পজিটিভ এক, উপসর্গ তিন) জন, নওগাঁর তিন (পজিটিভ এক, উপসর্গ দুই) জন, কুষ্টিয়ার এক (পজিটিভ থেকে নেগেটিভ) জন ও চুয়াডাঙ্গায় এক (উপসর্গ) জন। তিনি বলেন, বুধবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৪০২ জন। এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ জন।

পরিচালক জানান, বুধবার সকাল পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিত্সাধীন ৪০২ জনের মধ্যে ১৮৮ জনের করোনা পজিটিভ রয়েছে। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৩৫ জন। এছাড়াও চিকিত্সা নিয়ে করোনামুক্ত হওয়ার পর ফুসফুসে ইনফেকশনসহ পরবর্তী শারীরিক জটিলতার কারণে চিকিত্সাধীন রয়েছেন ৭৯ জন।