নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের নান্দাইলে জমিসংক্রান্ত বিরোধে বুধবার দুপুরে এক সংঘর্ষের ঘটনায় সুমন আকন্দ (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। নিহতের বাড়ি উপজেলার ৩ নম্বর নান্দাইল ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামে। তার পিতার নাম আব্দুল আজিজ আকন্দ। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন।
জানা যায়, উত্তর রসুলপুর গ্রামের মাসুদ আকন্দ ও তার চাচাতো ভাই মো. সুমন আকন্দের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মারামারি ও মামলা-মোকদ্দমার ঘটনাও ঘটে। এ অবস্থায় বুধবার সকালে মৃত আ. হামিদের পুত্র মাসুদ আকন্দ বিরোধপূর্ণ জমিতে ধান রোপণ করতে গেলে সুমন এতে বাধা দেয়। এ নিয়ে দুপুরের দিকে সংঘর্ষ বাধলে প্রতিপক্ষের ধারালো দায়ের আঘাতে সুমন গুরুতর জখম হয়। পরে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ সংঘর্ষের ঘটনায় আ. রাজ্জাক (৩৫), মাসুম আকন্দ (৩২) ও আজিজুল ইসলাম (৩৪) গুরুতর আহত হয়। তাদেরকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানতে চাইলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনাটি ঘটেছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।