চট্টগ্রামে ট্রাকচালক হত্যার ঘটনায় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে কোরবানির গরুবাহী ট্রাকের চালককে হত্যার ঘটনায় জড়িত আব্দুর রহমান ভুট্টো নামে এক ডাকাত দলের সদস্যকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব। গতকাল বুধবার জেলার সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র্যাব-৭-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৬ জুলাই সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় কোরবানির গরুবাহী ট্রাক ডাকাতির উদ্দেশ্যে হামলা চালিয়ে ট্রাকচালক আব্দুর রহমান আব্দুলকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সীতাকুণ্ড থানায় অজ্ঞাতনামা ৮-৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৭ ছায়াতদন্ত শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার র্যাব-৭-এর একটি আভিযানিক দল সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো. আব্দুর রহমান ভুট্টোকে গ্রেফতার করে। তার শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে ডাকাতিকালে ট্রাকচালক আব্দুর রহমান আব্দুলকে গুলি করে হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। র্যাব জানায়, গ্রেফতার ব্যক্তি বায়েজিদ-ভাটিয়ারি লিংক রোড এলাকার একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। এ হত্যাকাণ্ডের নেপথ্যে আরো কেউ জড়িত আছে কি না, তা জানার জন্য তদন্ত অব্যাহত আছে। গ্রেফতার ব্যক্তিকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।