বুয়া সেজে ইয়াবা বিক্রি চট্টগ্রামে নারীসহ গ্রেফতার ৩

চট্টগ্রাম অফিস

মাফিয়া বেগম কাজ করেন মানুষের বাসাবাড়িতে। কিন্তু আসলে তিনি ইয়াবা বিক্রেতা। গত মঙ্গলবার রাতে ছদ্মবেশী বুয়া মাফিয়া বেগম এবং তার দুই সহযোগী মো. আল আমীন ও মো. মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে মোট ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ এক্সেস রোডের ফুলকলি রোডের সামনে থেকে মো. আল আমিনকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশি করে তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আল আমিন জানান তিনি পেশায় অটোরিকশা চালক। তার আরেক বন্ধু মোশাররফের বাসায় বুয়ার কাজ করে মাফিয়া। বুয়ার কাজের আড়ালেই সে ইয়াবার ক্রেতা সন্ধান করে। আল আমিন ও মোশাররফ ক্রেতার হাতে ইয়াবা পৌঁছে দেয়। মো. আল আমিন ও মো. মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুটি করে এবং মাফিয়া বেগমের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।