চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে অন্যের পাসপোর্ট ও মোবাইল নম্বর ব্যবহার করে হোটেলে অবস্থান এবং বিল পরিশোধ না করার অভিযোগে শিহাবউদ্দিন সিদ্দিকী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতার যুবক সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির পাসপোর্ট ও মোবাইল নম্বর ব্যবহার করে নগরীর পাঁচ তারকা র্যাডিসন ব্লু হোটেল ও মোটেল সৈকতে কয়েক রাত অবস্থান করেন। কিন্তু বিল পরিশোধ না করেই তিনি পালিয়ে যান। এ ঘটনায় সাইফুল ইসলামের দায়ের করা মামলায় গত সোমবার রাতে নগরীর রিয়াজউদ্দিন বাজার থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। পুলিশ জানায়, ঐ ব্যক্তি একজন পেশাদার প্রতারক। গত জানুয়ারিতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম ভাঙিয়ে এক নারীর কাছ থেকে টাকা হাতিয়ে তিনি গ্রেফতার হয়েছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজামউদ্দিন জানান, সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি চাকরির আশায় শিহাবউদ্দিনের কাছে নিজের পাসপোর্ট জমা রাখেন। সাইফুল থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেন তার পাসপোর্ট ও মোবাইল নম্বর ব্যবহার করে শিহাব র্যাডিসন ব্লু হোটেলে রাত যাপন করেন। পরে সেখানে টাকা পরিশোধ না করে পালিয়ে যান। হোটেল কর্তৃপক্ষ টাকার জন্য নয়নকে ফোন করার পর তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে কোতোয়ালি থানায় গিয়ে মামলা করেন।
পুলিশ কর্মকর্তা নেজামউদ্দিন জানান, কাতার পাঠানোর কথা বলে শিহাব ২০১৮ সালে সাইফুলের কাছ থেকে পাসপোর্টের ফটোকপি নেন। কিন্তু কাতারে পাঠাতে পারেননি। পরে তাদের মধ্যে আর কোনো যোগাযোগ ছিল না। গত ২৭ জুলাই নগরীর স্টেশন রোডের মোটেল সৈকত থেকে সাইফুলকে ফোন করে ১১ হাজার টাকা বকেয়া বিল পরিশোধ করতে বলা হয়। ২৯ জুলাই র্যাডিসন ব্লু হোটেল থেকেও সাইফুলকে ফোন করে ২৫ হাজার টাকা পরিশোধের কথা বলা হয়। তখন হোটেলে গিয়ে সাইফুল বুঝতে পারেন তিনি শিহাবের প্রতারণার শিকার হয়েছেন।