বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়ার সম্পৃক্ততার প্রমাণ দিবালোকের মতো স্পষ্ট :তথ্যমন্ত্রী

 ‘টিকা  ছাড়া বের হলে শাস্তি,

এমন সিদ্ধান্ত হয়নি’

ইত্তেফাক রিপোর্ট

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের সাক্ষ্যপ্রমাণই বলে দেয় জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত ছিলেন এবং তা দিবালোকের মতো স্পষ্ট। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) নবারুণ ও সচিত্র বাংলাদেশ মাসিক পত্রিকা দুটির মুজিববর্ষ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সচিব মো. মকবুল হোসেনের সভাপতিত্বে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বিশেষ অতিথি হিসেবে এবং ডিএফপির মহাপরিচালক স ম গোলাম কিবরিয়া অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন।

‘জিয়া নয়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত’ মর্মে সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে ড. হাছান মাহমুদ বলেন, ফখরুল সাহেবরা প্রতিবছর আগস্ট মাস এলেই এ কথাগুলো বলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের সময় সাক্ষী ও আসামিরা যে জবানবন্দি দিয়েছে সেগুলো রেকর্ডেড। তারা জবানবন্দিতে স্পষ্টভাবে বলেছেন কখন, কোথায় জিয়াউর রহমানের সঙ্গে বৈঠক হয়েছে, জিয়াউর রহমান কী বলেছেন, কীভাবে সম্মতি দিয়েছেন। তার সম্পৃক্ততা দিবালোকের মতো স্পষ্ট।’

‘করোনার টিকা গ্রহণ ছাড়া কেউ বাইরে বের হলে শাস্তি হবে কি না’ সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, সরকারের এ ধরনের  কোনো সিদ্ধান্ত হয়নি। মাস্ক পরার ওপর এবং সবার স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে।