সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
সাটুরিয়া উপজেলার ঢাকা- আরিচা মহাসড়কের নয়াডিঙী এলাকায় রাইজিংনিট টেক্সটাইল্স লিমিটেডে ডাকাতি হওয়ায় মালামাল ঢাকার আশপাশের এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহূত একটি কাভার ভ্যান উদ্ধারসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো টাঙ্গাইলের গোপালপুরের বাইশকাইল ভুইজাপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে আব্দুল করিম, পাবনার আতাইকুলার গঙ্গারামপুর এলাকার মো. রিয়াজ উদ্দিনের ছেলে মো. রেজাউল, ঢাকার আশুলিয়ার গাজীচট এলাকার মৃত লুত্ফর রহমানের ছেলে মো.ওবায়দুল হক ও মাগুরার মোহাম্মদপুরের জাঙ্গালিয়া এলাকার মৃত রুস্তম শেখের ছেলে লিটন শেখ।
গতকাল বিকাল তিনটার দিকে মানিকগঞ্জ সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ভাস্কর সাহা।
সাটুরিয়া ওসি আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকার আশুলিয়ার ও আশপাশের জেলায় অভিযান চালিয়ে মঙ্গলবার দিন ও রাতে ডাকাত সদস্যদের গ্রেফতার করা হয়। ডাকাতি হওয়ায় সুতা ও ডাকাতির কাজে ব্যবহূত একটি কাভার ভ্যানসহ ৩৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। ডাকাতির সাথে জড়িত অন্য ডাকাত সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, গ্রেফতারের পর আটককৃতরা ডাকাতির সঙ্গে জড়িতের কথা স্বীকার করেন এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
গত শনিবার দিবাগত রাতে কারখানার দেয়ালের নিচের সুড়ঙ্গ দিয়ে ডাকাতের একটি দল কারখার ভিতরে প্রবেশ করেন। এর পর কারখানার ভিতরের আব্দুর রহিম ও গোলাপ নামে দুই সিকিউরিটি গার্ডের হাত-মুখ বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে কারখানার চাবি নিয়ে যায় এবং কারখানার ভিতরে থাকা প্রায় সাড়ে ৪৩ লাখ টাকা মূল্যে সুতা লুট করে নিয়ে যায়। পরে সকালে কারখানার ঐ গোডাউনের সামনে থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় সিকিউরিটি গার্ডকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। ডাকাতির ঘটনায় ঐ দিন কারখানার ডিজিএম মো. মোশারফ হোসেন বাদী হয়ে সাটুরিয়ায় মামলা করেন।