বিরোধী দলগুলোর চাপের মুখেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। গতকাল বুধবার তিনি বলেছেন, তার প্রতি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন রয়েছে। আগামী সেপ্টেম্বরে অধিবেশন শুরু হলে অনাস্থা ভোটে তার প্রমাণ দেবেন। দেশটিতে বর্তমানে তীব্র রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার ইউনাইটেড মালয়জ ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) এর বেশ কিছু সদস্য জোট থেকে তাদের সমর্থন প্রত্যাহার করায় রাজনৈতিক সংকট ঘনীভূত হয়েছে। এক জন মন্ত্রীও পদত্যাগ করেছেন। ইউএমএনওর নেতৃবৃন্দ বলছেন, সমর্থন প্রত্যাহারের অর্থ হচ্ছে পার্লামেন্টে মুহিউদ্দিন আর সংখ্যাগরিষ্ঠ অবস্থানে থাকছেন না। তবে টেলিভিশনে দেওয়া এক ভাষণে মুহিউদ্দিন বলেন, তিনি সেপ্টেম্বরে অনাস্থা ভোটের আয়োজন করবেন বলেও রাজাকে অবহিত করেন। রাজা আল-সুলতান আব্দুল্লাহ তার প্রস্তাবে সম্মতি দিয়েছেন।
উল্লেখ্য, গত বছর জোট সরকারের অভ্যন্তরীণ কোন্দলের জেরে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মুহিউদ্দিন ইয়াসিন। কিন্তু জোটের প্রধান মিত্ররা সমর্থন প্রত্যাহার করলে তার সরকার সংকটে পড়ে। এছাড়া করোনা পরিস্থিতি মোকাবিলায় তার সরকার ব্যর্থ হয়েছে বলেও বিরোধীরা দাবি করেছে।