শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু জাতীয় স্লোগান, দলীয় স্লোগান না যেকোনো লোক এই স্লোগান দিতে পারে। যারা এই স্লোগানে বিশ্বাস করে না, তারা স্বাধীনতাকে বিশ্বাস করে না। মহান স্বাধীনতা যুদ্ধের স্লোগান।
বৃহস্পতিবার (৫ আগস্ট) শরীয়তপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ইকবাল হোসেন অপু, এই স্লোগানকে যারা দলীয় স্লোগান বলে চালিয়ে দিতে চায় তারা দেশের শত্রু, স্বাধীনতার শত্রু। তারা এখনো বাংলাদেশকে চায় না, বাংলাদেশকে বিশ্বাস করে না। শুধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান বাঙ্গালি মানুষের চেতনায় মিশে আছে বাঙ্গালির হৃদয়ে ধারণ করে। এ স্লোগান যারা হৃদয়ে ধারণ করে না তারা স্বাধীনতায় বিশ্বাস করে না। শেখ হাসিনা দলের ঊর্ধ্বে, তিনি বাঙ্গালির সম্পদ, জাতীয় সম্পদ। তাই বলতে চাই শুধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানই নয়, জয় শেখ হাসিনাও জাতীয় স্লোগান।
তিনি বলেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েই মুক্তিযোদ্ধারা স্বাধীনতার যুদ্ধ করেছে। মহান যুদ্ধে এই স্লোগান দিয়েই এ দেশ স্বাধীনতা লাভ করেছে। তাই আজ এ স্বাধীন রাষ্ট্রে গর্বিত বাঙালি হিসেবে কেউ সেনাসদস্য কেউ আবার সরকারি কর্মকর্তা, সাধারণ নাগরিকের এ স্লোগান দেওয়ার অধিকার আছে। সুতরাং এ স্লোগান দলীয় নয় বরং জাতীয় স্লোগান, স্বাধীনতার স্লোগান।
এসময় শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল, আলমগীর মুন্সী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর সাধারণ সম্পাদক আমীর হোসেন খান, প্যানেল মেয়র বাচ্চু বেপারী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, শরীয়তপুর জেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওনসহ ক্ষমতাসীন দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমএএম