রংপুরে পানিতে ডুবে ৩ বোনের মৃত্যু

রংপুরের বদরগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে রুবিনা, সাদিয়া ও বাসুরী নামে তিন বেনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেল ৫ টায় এ ঘটনা ঘটে। বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে উপজেলার যমুনেশ্বরী নদীর নাটারাম নামক ঘাটে অন্যান্যদের সাথে নদীতে গোসল করতে নামে রুবিনা সাদিয়া ও বাসুরী। হঠাৎ করে ছোট বোন বাসুরী পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করতে বড় বোন রুবিনা ও সাদিয়া এগিয়ে যায়। এসময় তারাও নদীর স্রোতে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তার ফায়ার সার্ভিসের ডুবুরীদল তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার কালুপাড়া ইউনিয়নের নাটরামে ফুফাতো বোনের বিয়ে খেতে দাদীর সাথে বড় ফুফু কোহিনুরের বাড়িতে গিয়েছিল তিন বোন। বৃহস্পতিবার বিকেলে শখের বসে নদীতে গোসল করতে যায় তারা। এসময় পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে। 

পারিবারিক সূত্রে আরও জানায়, ছোট ভাই রবিউলের মেয়ে রুবিনা খাতুন নানান বাড়িতে থেকে ওসমানপুর মাদরাসার দশম শ্রেণিতে ও বাসুরী খাতুন ওসমানপুর সাহেদা স্কুলের ৫ম শ্রেণিতে এবং বড় ভাই সাইদুল মাস্টারের মেয়ে পৌর শহরের একটি স্কুলে ৫ম শ্রেণিতে পড়াশুনা করছিল। তাদের বাড়ি বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর শাহপাড়া গ্রামে। 

ইত্তেফাক/এমএএম